বিভিন্ন স্থানে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:১৬

গতকাল শনিবার আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করে সংশ্লিষ্ট কাস্টম হাউজ। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘অবাধ বাণিজ্য, ভ্রমণ এবং পরিবহনের জন্য স্মার্ট সীমান্ত ব্যবস্থা’। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

চট্টগ্রাম:চট্টগ্রামে নানা আয়োজনে শনিবার পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। কাস্টমস হাউজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢোল, ব্যান্ডদল, ঘোড়ার গাড়ি, প্লে-কার্ড ও ফেস্টুনে বর্ণিল ছিল শোভাযাত্রাটি। ব্যানার ও ফেস্টুন দিয়ে নগরীর বিভিন্ন সড়ক ও কাস্টমস হাউজ সাজানো হয়েছে। শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এম.এ. লতিফ। কাস্টমস কমিশনার ড. এ কে এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এম.এ.লতিফ এম.পি বলেন, দ্রুত সময়ে কাজ করতে হবে। আমদানিকারকদের ক্ষতি মানে দেশের ক্ষতি। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) প্রকাশ দেওয়ান বলেন, দেশে রাজস্ব আদায়ের বড় কেন্দ্র চট্টগ্রাম কাস্টমস হাউজ। কাস্টম শুধু রাজস্ব আদায় করে না একই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও দেখে। কাস্টমের কোনো কর্মকর্তার দুর্নীতির দায় এনবিআর নেবে না। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলম বলেন, এখন ওয়ান স্টপ সার্ভিস চালুর সময় এসেছে। কেউ যদি বন্দরকে গুদাম বানাতে চায় তাদের শাস্তির আওতায় আনা হউক। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বলেন, চট্টগ্রাম বন্দরে সহজে আমদানি পণ্য ডেলিভারি হলে শিল্প কারখানার কস্ট অব ডুয়িং বিজনেস কমবে। বন্দরের উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে হবে। সেমিনারে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মোতাহের হোসেন ও সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু।

সিলেট :সকালে নগরীর মেন্দিবাগস্থ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কার্যালয়ের সামনে উপস্থিত অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল ১১টায় উপশহর মাছিমপুরস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সেমিনার ও মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কমিশনার নিয়াজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট রেঞ্জ পুলিশ ডিআইজি কামরুল আহসান, কর অঞ্চল সিলেটের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, বিজিবি সিলেট সেক্টর কমান্ডার (ভারপ্রাপ্ত) লে. কর্নেল মো. মাকসূদুল আলম, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

খুলনা : দিবসটি উপলক্ষে সকালে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর মোংলা কাস্টম হাউজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হোটেল টাইগার গার্ডেন ইন্টারন্যাশনালে এসে শেষ হয়। র্যালি শেষে হোটেলের হল রুমে দিবসটির তাত্পর্য তুলে ধরে সেমিনার অনুষ্ঠিত হয়। মোংলা কাস্টম হাউজের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সুলতান মোঃ ইকবাল, খুলনা কর আপিল অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোঃ মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, মোংলা কাস্টম হাউজকে খুলনা থেকে মোংলাতে স্থানান্তরের পদক্ষেপকে সাধুবাদ জানান।

বেনাপোল (যশোর):দিবসটি উপলক্ষে সকালে র্যালি, সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোল কাস্টমস ক্লাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি ও গোয়েন্দা) সাইফুল ইসলাম, যশোর কাস্টমস কমিশনার শওকাত হোসেন ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। পরে একটি বর্ণাঢ্য র্যালি কাস্টম হাউস চত্বর থেকে বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

তেঁতুলিয়া (পঞ্চগড়):সকালে দিবসটি উপলক্ষে বাংলাবান্ধা বন্দর শুল্ক স্টেশন থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে বাংলাবান্ধা স্থলবন্দর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট ও শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন । কাস্টমস সুপার মিজানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার হাফিজুল ইসলাম প্রমুখ।

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): সোনাহাট স্থলবন্দরে সোনাহাট ল্যান্ড কাস্টমস স্টেশন ভুরুঙ্গামারীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। সোনাহাট ল্যান্ড কাস্টমসের সহকারী কমিশনার মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএন্ডএফ’র সভাপতি সরকার রকীব আহমেদ, স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহফুজুল ইসলাম ভূইয়া, রাজস্ব কর্মকর্তা শুভাশিষ রায় প্রমুখ।