সুনামগঞ্জে ছয় গুণীজনকে সম্মাননা প্রদান

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:১৭

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে সহায়তা ট্রাস্ট ‘গৌরবের মুক্তিযুদ্ধ’র উদ্যোগে মুক্তিযুদ্ধ, সমাজসেবা, শিক্ষা, ক্রীড়া, রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ছয় গুণী ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গুণীজন ও তাদের স্বজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। রাজনীতিতে অবদান রাখায় আছকির মিয়া, শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় মু.আব্দুর রহিম, সংস্কৃতিতে অবদান রাখায় দেওয়ান মহসিন রাজা চৌধুরী, ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখায় নাজির আহমেদ চৌধুরী, মহান মুক্তিযুদ্ধে অবদান রাখায় মুক্তিযোদ্ধা উজির মিয়া ও হাওরের ফসল রক্ষা বাঁধ রক্ষায় অবদান রাখায় মনেছা বেগমকে সম্মাননা প্রদান করা হয়।

জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমেদ ও জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, বাঁশতলা সাব-সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) এএস হেলালউদ্দিন পিএসসি, সহ-অধিনায়ক লে.কর্নেল (অব.) আব্দুর রউফ বীরবিক্রম, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড.আবুল আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, পৌর মেয়র নাদের বখত প্রমুখ। ‘গৌরবের মুক্তিযুদ্ধ’-এর বোর্ড অব ট্রাস্টি মেম্বার মোঃ ইয়াকুব বখতের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘গৌরবের মুক্তিযুদ্ধ’-এর সাধারণ সম্পাদক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু। অনুষ্ঠানে মন্ত্রী ছাতক যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ স্মরণে বুরকি গ্রামে শহীদ স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দেন। অনুষ্ঠানে সাতজন মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে সেলাই মেশিন দেওয়া হয়। পরে অ্যাডভোকেট রণেন্দ্র কুমার দে পিংকু সম্পাদিত ‘কমরেড প্রসূনকান্তি বরুণ রায় স্মারকগ্রন্থে’র মোড়ক উন্মোচন করা হয়।