শ্রীমঙ্গলে ধামাইল একাডেমি উদ্বোধন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:১৮

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

ঐতিহ্যবাহী লুপ্তপ্রায় ধামাইল ও লোকগান প্রশিক্ষণ ও চর্চার মাধ্যমে বাঁচিয়ে রাখার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে ব্যক্তি পর্যায়ের উদ্যোগে ধামাইল একাডেমির উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ভূনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। সিলেট বিভাগ ধামাইল উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিষদের সভাপতি জহর তরপদার, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার দেবনাথ, সুমন দাশ প্রমুখ।

হাইল হাওর তীরবর্তী রুস্তমপুর গ্রামে লোকজ সংগীতের সংগ্রাহক রামকৃষ্ণ সরকার দীর্ঘ দুই দশক ধরে নিরলস শ্রম ও সাধনায় নিজ বাড়ির আঙ্গিনায় একচালা টিনসেডের ঘরে নির্মাণ করেন ধামাইল একাডেমীটি। ২২৫টি সংগৃহীত গানের সমন্বয়ে ‘সিলেটি ধামাইল’ গীত শীর্ষক একটি বই প্রকাশ করেন তিনি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, আধুনিক ও ডিজিটালাইজেশনের যুগে সিলেট অঞ্চলের আজন্মলালিত ধামাইলগীত যখন বিলুপ্তির পর্যায়ে, তখন রামকৃষ্ণ সরকার এলাকায় ধামাইল সংগ্রহ, প্রচার ও প্রসারের কাজে এগিয়ে এসেছেন। ধামাইল একাডেমির উন্নয়ন ও প্রসারের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন তিনি।