রাঙ্গামাটি প্রতিনিধি
শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুনাম রক্ষা করতে হলে মনোযোগী হয়ে পড়ালেখা করতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ মুছা মাতব্বর। তিনি বলেন, লেখাপড়ার কোনো বিকল্প নেই। শনিবার সকালে শাহ উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ মুছা মাতব্বর আরো বলেন- পরিবার, সমাজ ও দেশের উন্নয়ন করতে হলে আদর্শিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান বলেন, ভালো ফলাফল করার লক্ষ্যে ভালো পড়ালেখা করতে হবে। শিক্ষার পাশাপাশি গুরুজনকে সম্মান ও নিজ ধর্মকে লালন করতে হবে।
