আড়াইহাজারে ৭১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২০ মার্চ ২০২১, ২২:২৭

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে ৭১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে র্যাব-১১-এর বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে নারায়ণগঞ্জগামী একটি মিনিট্রাক তল্লাশি করে ৭১ কেজি গাঁজা উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতরা হলো নুরে আলম ও আলাউদ্দিন। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি নুরে আলম ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন কুতুবা এলাকার মো. ইসমাইলের ছেলে এবং আলাউদ্দিন একই জেলার বোরহানউদ্দিন থানাধীন পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড এলাকার নাসিরের ছেলে। জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চালক ও হেলপারের ছদ্মবেশে পণ্যবাহী ট্রাকযোগে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে আসছিল। তারা গাঁজা এনে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।