ভোলায় পুকুরে ইলিশ!

আপডেট : ২০ মার্চ ২০২১, ২৩:০৩

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলায় একটি পুকুর সেচ দিয়ে মিলেছে বড় সাইজের ৮টি ইলিশ মাছ। প্রতিটি ইলিশের ওজন প্রায় এক কেজি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পুকুরে ইলিশ পাওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে লোকজন এসে সেখানে ভিড় জমান।

গতকাল শুক্রবার চরফ্যাশনের চর কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৫ নম্বর ওয়ার্ডের আমিনপুর গ্রামের বাসিন্দা অধ্যক্ষ হাসেম মহাজনের পুকুরে ইলিশ পাওয়ার এই বিরল ঘটনাটি ঘটেছে। জানা যায়, গতকাল সকাল থেকে আমিনপুর গ্রামে ইউপি চেয়ারম্যানের মাছের ঘেরে পানি সেচ দিয়ে মাছ ধরছিল স্থানীয় জেলেরা। এ সময় অন্যান্য মাছের সঙ্গে ৮ টি ইলিশ মাছ পান তারা। ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হাসেম মহাজন ফোনে           এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। চেয়ারম্যানের বিশাল পুকুরে গত বর্ষায় জোয়ারের পানির সঙ্গে ইলিশ প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে।

বরিশাল বিভাগীয় মত্স্য অফিসের সহকারী পরিচালক এ এফ এম নাজমুস সালেহীন বলেন, জোয়ারের নোনা পানির সঙ্গে পুকুরে ইলিশও প্রবেশ করতে পারে।