বন্ধুর সু পায়ে সোনার পদক

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:১৯

বন্ধুর রানিং সু দিয়ে ৪০০ মিটারের হার্ডলসে সোনা জিতলেন নৌবাহিনীর অ্যাথলেট ইবাদ আলী।

বন্ধু আসাদজ্জামান রোসিরটি দিয়েই গতকাল জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন তিনি।

ইবাদ আলীর জন্য দিনটা ছিল অন্যরকম। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ফিনিশিং লাইন পার হতেই দেশের সাবেক তারকা অ্যাথলেট লাভলী বেগম, সাবেক অ্যাথলেট কিতাব আলী আদর করে কাছে নিলেন খুলনার শিরোমণি গ্রামের ইবাদ আলীকে। লাভলীর পরামর্শে ইবাদ আলী অ্যাথলেটকসে এসেছিলেন। অনেক কষ্ট করেছেন। লাভলী বেগম কদিন ধরেই বলছিলেন একজন নতুন অ্যাথলেট দেখা যাবে। ইবাদ আলী হতে পারে ভালো ক্রীড়াবিদ। নৌবাহিনীর এই অ্যাথলেট গত তিনটি আসরে ৪০০ মিটার হার্ডলসে সোনার পদক পাননি। প্রতিবারই দ্বিতীয় স্থানে থাকতে হয়েছিল। এবার তার আশা পূরণ হয়েছে। সাত ভাই-বোনের মধ্যে সবার ছোট ইবাদ আলী। তাঁর পরিবারে কেউ খেলায় নেই। ছোট ভাই খেলে বলে তাকে পারিবারের সবাই কোনো কাজ করতে দেয় না। খেলা নিয়েই ব্যস্ত থাকেন।

ইবাদ আলী বলছিলেন, ‘খেলাটাকে বেশি ভালোবেসে সময় দিতে গিয়ে আমার আর কলেজের পার্ট শেষ হয়নি। খেলার কারণে আমি পরিবারের মধ্যে সাত রাজার ধন। লাভলী ম্যাডামের অনুপ্রেরণায় আমি লড়াই করছি। আমার নৌবাহিনী আমাকে গড়ে তুলছে। আমি নৌবাহিনীকে আরও পদক দিতে চাই।’