আজ নাদাল-জকোভিচ ফাইনাল
স্পোর্টস ডেস্ক
নাওমি ওসাকা ৭-৬ (৭/২), ৫-৭, ৬-৪ গেমে পেত্রা কেভিতোভাকে হারিয়ে শুধু অস্ট্রেলিয়ান ওপেনই জিতেননি, উঠে এসেছেন নারীদের বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষেও।
জাপানে জন্ম নেওয়া ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই টেনিস খেলোয়াড়ের এটি হলো টানা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। গত সেপ্টেম্বরে ওসাকা ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। হাইতিয়ান বাবা ও জাপানি মায়ের সন্তান ওসাকা পুরস্কার বিতরণীর সময় সারাক্ষণই হাসছিলেন। ২১ বছরের এই মেয়ে এখনো পুরস্কারের বড় মঞ্চে অভ্যস্ত হয়ে ওঠেননি। তাই কিছুটা অস্বস্তির সাথে কথা বলছিলেন। তিনি এও বলেন যে জনসমক্ষে কথা বলাটায় অভ্যস্ত নন। তবে ভবিষ্যতে বিষয়টি সামলে নেবেন।
দুইবারের উইম্বলডন জয়ী কভিতোভা ২০১৬ সালে ছুরিকাহত হওয়ার ঘটনার পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেললেন। দ্বিতীয় সেটে চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড় লড়াই চালালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালটি তৃতীয় সেটে গড়ায়। এদিকে পুরুষ এককের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ফাইনালটি।
