চীনের চাপে সিনোফার্ম ভ্যাকসিনের অনুমোদন দিলো শ্রীলঙ্কা

আপডেট : ২১ মার্চ ২০২১, ১৬:৩৯

চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কা। অভিযোগ উঠেছে, চীনের চাপে এ অনুমোদন দিতে বাধ্য হয়েছে দেশটির জাতীয় ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এনএমআরএ) এবং ফার্মাসিউটিক্যালসের উৎপাদন, সরবরাহ ও নিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী প্রফেসর চন্না জয়সুমনা।

ইকোনোমিক্স টাইমসের প্রতিবেদনে বলা হয়, চীনের চাপে ভ্যাকসিনটির অনুমোদন দিতে বাধ্য করার প্রেক্ষিতে কয়েক দিন আগেই পদত্যাগ করেছেন এনএমআরএ প্রধান। তিনি ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল নিয়ে সন্তুষ্ট ছিলেন না। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এটির অনুমোদন দেয়নি। এর মধ্যেই সিনোফার্মের অনুমোদন দিলো শ্রীলঙ্কা কর্তৃপক্ষ।

দেশটির প্রধান রাজনৈতিক ব্যবস্থাপনা শুরুতে সিনোফার্ম ভ্যাকসিনের ব্যাপারে আগ্রহ ছিল না। তারা ভারতের সেরাম ইনস্টিটিউট কর্তৃক উৎপাদিত যুক্তরাজ্যের অক্সফোর্ড ভ্যাকসিন কোভিশিল্ড কেনার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল।

কলম্বোয় অবস্থিত চীনা দূতাবাস গত জানুয়ারি থেকেই শ্রীলঙ্কার রাজনৈতিক ব্যবস্থাপনাকে চাপ দিয়ে আসছে এবং বিবৃতি দিতে বাধ্য করেছে যে, তাদের ভ্যাকসিন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে এসে পৌঁছাবে এবং ততদিনে এটির অনুমোদনও হয়ে যাবে।

এর আগে শুরুর দিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১৩ দশমিক ৫ মিলিয়ন ভ্যাকসিন অর্ডার করে শ্রীলঙ্কা সরকার। এ ছাড়া ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া ৫ লাখ ভ্যাকসিনও রয়েছে। এর মধ্যে ১০ মিলিয়ন ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এবং বাকি ৩ দশমিক ৫ মিলিয়ন সরাসরি অ্যাস্ট্রাজেনেকা থেকে আমদানি করা হবে।

ইত্তেফাক/টিএ