পাবনায় মাথায় গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা

আপডেট : ২১ মার্চ ২০২১, ১৭:১৪

পাবনায় হাসান আলী নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মাথায় গুলি করে আত্মহত্যার করেছে। তিনি আতাইকুলা থানায় কর্মরত ছিলেন। শনিবার (২০ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় থানার ছাদে তিনি আত্মহত্যা করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, তার গ্রামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামে।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, হাসান আলী এক বছর আগে আতাইকুলা থানায় যোগদান করেন। তিনি অবিবাহিত ছিলেন। থানার ছাদে শনিবার দিবাগত রাত ২টার পর থেকে ভোর পর্যন্ত কোনো এক সময় তিনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

রবিবার সকালে তার মৃতদেহ পাওয়া গেছে। সেখানে তার ব্যবহৃত মোবাইলের সিমটি ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয়ে মোবাইলে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে ক্ষোভে অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। 

ইত্তেফাক/এমএএম