মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন করলেই কেবল অধিকৃত পশ্চিম তীরে অবাসন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।
গতকাল শনিবার (২০ মার্চ) রাতে স্থানীয় চ্যানেল১২ কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্টের অনুমতি ব্যতিত পশ্চিম তীরে অবাসন প্রকল্প বাস্তবায়ন করা হবে না। এটা তার ক্ষমতায় আসার প্রথম দিকেই আমি বলেছিলাম।
অবশ্য জো বাইডেন সকল ধরনের অবৈধ অবাসন প্রকল্প বাস্তবায়নের বিরোধী। সেটা তিনি অনেকবারই বলেছেন। যদিও নেতানিয়াহু আশা প্রকাশ করছেন যে, প্রকল্পটি এখনো এগিয়ে নেয়া সম্ভব।
নির্দিষ্ট কোনো সময়সীমা না থাকলেও আমি এখনো প্রকল্পটি এগিয়ে নেয়ার ব্যাপারে আশাবাদী, যোগ করেন তিনি।
আনাদোলু জানিয়েছে, গত বছরের জুলাই মাসে জোটের অংশীদার ও প্রতিরক্ষা মন্ত্রী বেনি গেন্টজ এর সঙ্গে থাকা চুক্তি অনুসারে অধিকৃত পশ্চিম তীরে প্রকল্পটি বাস্তবায়ন করতে চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও জোটের অংশীদারদের সঙ্গে কিছু মতবিরোধের কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এদিকে, আগামী মঙ্গলবার (২৪ মার্চ) ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে নেতানিয়াহুকে এ বছর বেশ বেগ পেতে হবে বলে ধারণা করা হচ্ছে। যদি নেতানিয়াহু ও তার জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়, তাহলে আবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/টিএ
