স্পোর্টস রিপোর্টার
ফ্রি ল্যান্সার হিসেবে সারা বিশ্বে খেলে বেড়ানো ক্যারিবিয় খেলোয়াড়দের জাতীয় দলে ফেরাতে সে দেশের বোর্ডের উদ্যোগের শেষ নেই।
এর মাঝে এই বিষয়ে খেলোয়াড়দের সংস্থার সাথে একটা ফলপ্রসূ বৈঠকও করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আর সেই বৈঠকের ফল হিসেবে বোর্ড আশা করছিল, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনেকে যোগ দেবেন জাতীয় দলে। তাতে বিশ্বকাপে এই খেলোয়াড়দের পাওয়াটা সম্ভব হবে। কিন্তু বিশ্বের এখন অন্যতম সেরা দুই অলরাউন্ডার সুনীল নারিন ও আন্দ্রে রাসেল বোর্ডকে জানিয়ে দিলেন, তারা ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলতে পারবেন না।
নারিন বোর্ডকে জানিয়েছেন যে, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো আত্মবিশ্বাস নিজের বোলিং অ্যাকশন নিয়ে তার এখন নেই। অন্যদিকে রাসেল বলেছেন, ৫০ ওভারের ক্রিকেট খেলতে যে পরিমাণে ফিটনেস দরকার, তা এখনও ফিরে পাননি তিনি।
নারিন গত দুই বছরেরও বেশি সময় ধরে ওয়ানডে ক্রিকেট খেলেন না। তবে বার বারই বলেছেন যে, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান। নারিন ক্যারিয়ারের বড় অংশ জুড়ে বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় ভুগছেন। ২০১১ সালে নিজের অ্যাকশন একেবারে বদলে ফেলেছিলেন। এরপর ২০১৪ চ্যাম্পিয়নস ট্রফিতে আবার তার অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট করা হয়।
নারিন ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে নিজেকে তুলে নেন। সে সময় বলেছিলেন, বোলিং অ্যাকশন নিয়ে আরও কাজ করতে চান। এখন তিনি স্পিন বোলিং উপদেষ্টা কার্ল ক্রোর সাথে নিজের অ্যাকশন নিয়ে কাজ করবেন বলে জানা গেছে। আসছে সপ্তাহগুলোতে এই কাজ হবে। নারিনের এই সিদ্ধান্ত বুঝিয়ে দিল, ২০১৯ বিশ্বকাপে তাকে আর পাওয়ার তেমন সম্ভাবনা নেই। রাসেলের বিশ্বকাপ খেলার সম্ভাবনা অবশ্য এখনও আছে। তিনি ওয়ানডে ফিট না হলেও টি-টোয়েন্টিতে খেলছেন। এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে নারিনের সাথেই ঢাকা ডায়নামাইটসে খেলছেন। এরপর পিএসএল খেলবেন। সে ক্ষেত্রে ফিট হলে রাসেলকে বিশ্বকাপে দেখা যেতে পারে।
