নিউজিল্যান্ডে চলছে ভারতের জয়যাত্রা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:৪০

স্পোর্টস রিপোর্টার

বলা হয় দ্বিপাক্ষিক সফরের জন্য কঠিনতম জায়গা নিউজিল্যান্ড। এখানে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে একটা ম্যাচ জিতে আসাটাও বড় ব্যাপার বলে গণ্য হয়। কিন্তু দিনটা বদলে দিয়েছে ভারত। টানা দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিলো তারা।

গতকাল রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ের পর কুলদীপ যাদবের বোলিংয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯০ রানের জয় পেয়েছে ভারত। আগে ব্যাট করা কোহলির দল ৪ উইকেটে ৩২৪ রান তুলেছিলো। জবাবে ৯.৪ ওভার বাকি থাকতে ২৩৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

ভারতকে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ধাওয়ান প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৫৪ রানের উদ্বোধনী জুটি গড়েন। ধাওয়ান বোল্টের বলে ৬৭ বলে ৬৬ রানের ইনিংস খেলে ক্যাচ তুলে দেন। অন্যদিকে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন রোহিত। কিন্তু সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে তিনি ফার্গুসনের শিকার হন। ৯৬ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮৭ রান করেন রোহিত।

এরপর বিরাট কোহলি ও আম্বাতি রাইডু মাঝারি দুটো ইনিংস খেলেন। কোহলি ৪৫ বলে ৪৩ ও রাইডু ৪৯ বলে ৪৭ রান করেন। এই সময় এসে রানের গতি কমে গিয়েছিলো ভারতের। মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদব আরো একবার টেনে তোলেন দলকে।

ধোনি ৩৩ বলে ৪৮ রানের ঝড় তুলে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে কেদার ১০ বলে ২২ রানে অপরাজিত ছিলেন।

জবাব দিতে নেমে কখনোই সঠিক পথে ছিলো না স্বাগতিকরা। টপ ও মিডল অর্ডারে সবাই ভালো শুরু পেয়েছেন। কিন্তু কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ভুবনেশ্বর কুমান, যুজবেন্দ্র চাহাল ও মোহাম্মদ শামি টপ অর্ডারটা গুঁড়িয়ে দেন। এরপর মঞ্চে আসেন কুলদীপ যাদব। টানা দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট তুলে নেন তিনি। ফলে ১৬৬ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া তাদের আর কিছু করার ছিলো না।  ব্রেসওয়েল ৪৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৭ রান করে কিছুটা ব্যবধান কমান। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৩২৪/৪ (রোহিত ৮৭, ধাওয়ান ৬৬, ধোনি ৪৮*, রাইডু ৪৭, কোহলি ৪৩, জাদব ২২*; বোল্ট ২/৬১, ফার্গুসন ২/৮১)।

নিউজিল্যান্ড: ৪০.২ ওভারে ২৩৪/১০ (ব্রেসওয়েল ৫৭, লাথাম ৩৪, মুনরো ৩১, নিকোলস ২৮, টেলর ২২, উইলিয়ামসন ২০; কুলদীপ ৪/৪৫, ভুবনেশ্বর ২/৪২, চাহাল ২/৫২)। ফল: ভারত ৯০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রোহিত শর্মা।