বরিশালে করোনা প্রতিরোধে পুলিশের জনসচেতনতামূলক প্রচারণা

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:১৫

বরিশাল অফিস

বরিশালে শোভাযাত্রা, সমাবেশ, মাইকিং, মাস্ক বিতরণ এবং বিভিন্ন দোকান ও যানবাহনের স্টিকার লাগিয়ে করোনা প্রতিরোধে সচেতনাতামূলক প্রচারণা চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ঐ স্থানে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএমপির অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক, উপকমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন, সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখি এবং কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম। সমাবেশে করোনা সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে পুলিশ কর্মকর্তারা মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ এবং বিভিন্ন যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক স্টিকার লাগান। এ সময় সদর রোডে সংক্ষিপ্ত সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে করোনা থেকে রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। পরে দুটি যানবাহনে করোনা সচেতনতায় মাইকিং করা হয় নগরীতে।