বার্বাডোজে বার্বাডিয়ানদের দিন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:৪১

 

 

স্পোর্টস রিপোর্টার

বার্বাডোজের কেনসিংটন ওভালে চলমান টেস্টটায় চলছিল বোলারদের রাজত্ব। সেখানে হুট করে এসে ব্যাটসম্যানরা আসন গেড়ে বসলেন। দ্বিতীয় দিন যেখানে ১৮টি উইকেটের পতন ঘটলো, তৃতীয় দিন সেখানে কোনো উইকেটের দেখাই পেলেন না দু’দলের বোলাররা।

টেস্টে যখন এমন অবস্থা তখন স্পষ্ট ব্যবধানে এখনো এগিয়ে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজই। নিজেদের দ্বিতীয় ইনিংসে তারা ছয় উইকেটে ৪১৫ রান করে ইনিংস ঘোষণা করেছে। ৬২৮ রানের আকাশচুম্বি লক্ষ্যে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত বিনা উইকেটে ৫৬ রান করেছে ইংল্যান্ড। জিততে হলে আরো ৫৭২ রান করতে হবে তাদের। হাতে আরো দু’দিন সময় থাকলেও চতুর্থ ইনিংসে এই লক্ষ্যটা কতটা অসাধ্য সেটা বলে না দিলেও চলে।

দিনে নিঃসন্দেহে সবচেয়ে বড় ব্যাপার হলো জেসন হোল্ডার ও শেন ডরউইচের জুটি। এই দুই বার্বাডিয়ান ব্যাটসম্যান সপ্তম উইকেট জুটিতে যোগ করেছেন ২৯৫ রান। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়ে গেছেন অধিনায়ক হোল্ডার। মাত্র ২২৯ বলে ২০২ রান করে অপরাজিত থাকেন তিনি। ওয়ানডে ঘরানায় ব্যাট চালিয়ে তিনি হাঁকিয়েছেন আটটি ছক্কা ও ২৩টি চার।

এই ইনিংসটি দিয়ে হোল্ডার নাম লিখিয়েছেন স্বয়ং ডন ব্র্যাডম্যানের পাশে। কারণ, সাতে ব্যাট করতে নেমে এর আগে ডাবল সেঞ্চুরি করার কীর্তি এর আগে ছিল কেবল ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিতি এই ব্র্যাডম্যানেরই। ১৯৩৭ সালে এই ইংল্যান্ডের বিপক্ষেই সাত নম্বরে ব্যাট করতে নেমে ২৭০ রান করেছিলেন ব্র্যাডম্যান।

এদিন আরেকটি রেকর্ড গড়েছেন হোল্ডার। তার হাঁকানো আটটি ছক্কাই ইংল্যান্ডের বিপক্ষে কোনো ক্যারিবিয়ান ব্যাটসম্যানের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান ডরউইচ একটি ছক্কা ও ১১টি চারের সমন্বয়ে করেন ১১৬ রান। নিজের ঘরের মাঠে খেলতে নেমে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তিনি। শেষ পর্যন্ত তিনিও অপরাজিতই ছিলেন।

হোল্ডারের ডাবল সেঞ্চুরির জন্যই অপেক্ষা ছিল। সেটা হওয়া মাত্রই ইনিংস ঘোষণা করে দেয় ওয়েস্ট ইন্ডিজ। দিনের শেষ বেলায় ২০ ওভারের মতো ব্যাট করার সুযোগ পায় সফরকারী ইংল্যান্ড। এর মধ্যে কোনো বিপদ নামতে দেননি দুই ওপেনার ররি বার্নস ও কিটন জেনিংস। বার্নস ৩৯ ও জেনিংস ১১ রান করে অপরাজিত ছিলেন। এই অবস্থা থেকে টেস্টটি আর কতদূর গড়ায় এখন সেটাই দেখার ব্যাপার!

 জেসন হোল্ডার

রান    ২০২

বল    ২২৯

চার    ২৩

ছক্কা   ৮