গাজীপুরে দুই শিশু অপহূত এক শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:৪৯

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূর্ব কলেমশ্বর এলাকা থেকে পৃথক দিনে প্রায় তিন বছর বয়সি দুটি শিশু অপহরণের ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অপহূত শিশুদের মধ্যে ইতিমধ্যে এক শিশুর লাশ ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার করা হয়েছে। অপর শিশু উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। রবিবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জিএমপির উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুিমশ।

গ্রেফতারকৃতরা হলো—শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা পুটিয়া এলাকার মৃত আলী জব্বার সর্দারের ছেলে আলী আকবর (২৪)। সে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের তালতলা এলাকায় বসবাস করত। অপরজন তার খালাতো ভাই গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খাইলকুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০)।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইলতুিমশ জানান, গত ১০ ফেব্রুয়ারি গাছা থানাধীন পূর্ব কলেমশ্বর ব্যাপারীবাড়ি মসজিদ রোডের দক্ষিণে একটি টিনশেড গার্মেন্টসের গেটের সামনে থেকে নিহাদ (৩) অপহূত হয়। সিসি ফুটেজ পর্যালোচনা করে অপহরণকারীকে দেখা গেলেও তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ২৩ ফেব্রুয়ারি ঢাকার শ্যামপুর থানাধীন করিমউল্যাহবাগ এলাকার একটি তিনতলা বাড়ির পানির ট্যাংকি থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় শিশু নিহাদের লাশ উদ্ধার করা হয়। এদিকে গত ৯ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব কলমেশ্বর এলাকার অ্যারাইভ্যাল গার্মেন্টসের পিছন থেকে দুই বছর আট মাস বয়সি সুমাইয়া আক্তার সুমু ওরফে রুবা অপহূত হয়। এ দুটি ঘটনায় গাছা থানায় দুটি মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাছা থানার এসআই উত্পল কুমার সাহা, সিসি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির পর্যালোচনা এবং গোপন তথ্যের ভিত্তিতে গত ১৭ মার্চ আলী আকবরকে গ্রেফতার করা হয়। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আলী আকবর ঘটনার সত্যতা স্বীকার করে এবং জানায়, তার খালাতো ভাই আনোয়ার হোসেনের সঙ্গে পরিকল্পনা করে মুক্তিপণ আদায়ের জন্য ঐ শিশু দুটিকে অপহরণ করা হয়েছিল।