টি-টোয়েন্টিতেও ফিরলেন আমির
স্পোর্টস ডেস্ক
টেস্ট সিরিজের ব্যর্থতার পর জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল পাকিস্তান। তবে, আবারো পুরনো অবস্থায় ফিরে এসেছে সরফরাজ আহমেদের দল। টানা দুটি ওয়ানডে হেরে এখন আরেকটি সিরিজ হারের শঙ্কায় আছে দলটি। শুক্রবার ডাকওয়ার্থ লুইস মেথডে তারা হেরেছে ১৩ রানের ব্যবধানে।
টসে জিতে সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে ব্যাট করতে নেমে পাকিস্তানের ব্যাটসম্যানরা চেষ্টার কমতি করেননি। নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে দলটি করে ৩১৭ রান। ওপেনার ইমাম উল হক ১০১ ও বাবর আজম ৬৯ রান করেন। জবাবে বৃষ্টি নামার আগে ৩৩ ওভারে দুই উইকেট হারিয়ে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। এরপর আর খেলা শুরু না করা গেলে বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকাকে বিজয়ী বলে ঘোষণা করা হয়। ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলা রিজা হেনড্রিক্স ম্যাচ সেরার পুরস্কার পান। আজ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ওয়ানডে।
এই অবস্থায় টি-টোয়েন্টি দলে আবারো ফিরিয়ে আনা হয়েছে পেসার মোহাম্মদ আমিরকে। চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের জন্য গতকাল যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তাতে আছে মোহাম্মদ আমিরের নাম।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হুসেইন তালাত, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আরি, মোহাম্মদ হাফিজ, শাহেবজাদা ফারহান, শাদাব খান, শাহিন আফ্রিদি, শোয়েব মালিক, উসমান সিনওয়ারি।
