সীমান্তে মেক্সিকানদের বৈরী আচরণের মুখে অভিবাসীরা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২১:৪১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারা দানব হিসেবে চিহ্নিতকরণ এবং যন্ত্রণাদায়ক একটি ভ্রমণের পর মধ্য আমেরিকা থেকে আসা একটি কাফেলার ক্লান্ত-অবসন্ন-বিধ্বস্ত অভিবাসনপ্রত্যাশীরা এখন নতুন এক হুমকির মুখোমুখি। আর সেটি হলো- কিছু মেক্সিকানের প্রকাশ্য বৈরিতা।

মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালা থেকে রওনা হয়ে মেক্সিকোর ভিতর দিয়ে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে ওই কাফেলার অনেক অভিবাসন-প্রত্যাশী গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের তিজুয়ানা শহরতলীতে পৌঁছান। যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক এই অভিবাসনপ্রত্যাশীরা সেখানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেন। কিন্তু তিজুয়ানার অধিবাসীদের একটি ছোট গ্রুপ গত বুধবার রাতে অভিবাসনপ্রত্যাশীদের বাধা দেন। তারা অভিবাসনপ্রত্যাশীদের লক্ষ করে পাথর ছুড়ে মারেন এবং তাদেরকে নিজ নিজ দেশে চলে যাওয়ার কথা বলেন।

সীমান্তের কাছে হন্ডুরানদের একটি ক্যাম্পে গিয়ে ২০ জনের মতো মেক্সিকান চিত্কার করে বলেন, ‘এখান থেকে চলে যাও। আমরা চাই তোমরা তোমাদের দেশে ফেরত যাবে। তোমরা সমাদৃত না।’ অভিবাসন-প্রত্যাশীরা পাল্টা চিত্কার করেন এবং শহরের শান্তি বজায় রাখতে কয়েক ডজন পুলিশ সেখানে হস্তক্ষেপ করেন। উল্লেখ্য, প্রতি বছর আমেরিকান পর্যটকদের এবং হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীকে স্বাগত জানানোর জন্য তিজুয়ানা শহরটির খ্যাতি রয়েছে।

কিছু ব্যতিক্রম ছাড়া খাবার এবং আশ্রয় দিয়ে মধ্য আমেরিকানদের ওই ভ্রমণের সময় তাদেরকে স্বাগত জানিয়েছে মেক্সিকো। অভিবাসন-প্রত্যাশীরা বলেন, তিজুয়ানায় বৈরী আচরণের কারণে তারা বিস্মিত। তারা বলেন, ‘আমরা অপরাধী নই। কেন (তারা) আমাদেরকে এরকম মনে করছে? মেক্সিকোর যেসব এলাকায় আমরা ভ্রমণ করেছি, তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে?’