হ্যামস্ট্রিংয়ের চোটে ফ্রাইলিঙ্ক

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:৪২

স্পোর্টস রিপোর্টার

একাদশে থাকলেও কয়েক ওভার যেতেই মাঠের বাইরে চলে যেতে হয়েছিল রবি ফ্রাইলিঙ্ককে। অ্যালেক্স হেলস-রাইলি রুশোদের ব্যাটে সতীর্থদের কচুকাটা হতে দেখেছেন সাইড বেঞ্চে বসে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় শুক্রবার রংপুর রাইডার্সের বিপক্ষে ২ ওভারে ১৪ রান দিয়ে মাঠ ছাড়তে হয়েছিল চিটাগং ভাইকিংসের এই অলরাউন্ডারকে। পরে ব্যাটিংও করতে পারেননি ফ্রাইলিঙ্ক।

গতকাল সকালে স্ক্যান করা হয়েছে তার পায়ের। চোটের কারণে গতকাল রাজশাহী কিংসের বিপক্ষে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ অলরাউন্ডার। চিটাগং ভাইকিংসের উপদেষ্টা মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন, ফ্রাইলিঙ্ক হ্যামস্ট্রিংয়ে পড়েছে। স্ক্যান করা হয়েছে। আজ (গতকাল) খেলতে পারবে না। তবে আশা করছি চট্টগ্রামে শেষ দুই ম্যাচে তাকে পাওয়া যাবে।

বিপিএলের ষষ্ঠ আসরে চিটাগংয়ের তুরুপের তাস বলা যায় ফ্রাইলিঙ্ককে। চিটাগংকে তিনটি জয় এনে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। বোলিংয়ে ১২ উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে লোয়ার অর্ডারে নেমে রান-বলের চাপ সামলানোর গুরু দায়িত্ব পালনে সফলতা দেখিয়েছেন কয়েকবার।