মাগুরায় উড়ো চিঠির ঘটনায় মামলা

আপডেট : ২২ মার্চ ২০২১, ১৭:৫০

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তিনটি গ্রাম চরগোয়ালদহ, আনন্দ নগর ও মালাইনগর গ্রামে ইসলাম ধর্ম গ্রহণ করার আহ্বান জানিয়ে ৫০টি হিন্দু পরিবারকে উড়ো চিঠি দেওয়ার ঘটনায় ২১ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার শ্রীপুর উপজেলার তিনটি গ্রাম চরগোয়ালদহ, আনন্দনগর ও মালাইনগর গ্রামে ইসলাম ধর্মগ্রহণ করার আহ্বান জানিয়ে ৫০ টি সংখ্যালঘু হিন্দু পরিবারকে কে? বা কারা? উড়ো চিঠি দেয়। শুক্রবার রাতের বেলায় মোটরসাইকেলে করে মাথায় হেলমেট লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে  কয়েকজন যুবক এই চিঠি দিয়ে যায়। চিঠি পড়ে এলাকার হিন্দু সংখ্যালঘুদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

এই ঘটনায় চরগোয়ালদহ গ্রামের অসিম কুমার মণ্ডল বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। বাদি তার এজাহারে অভিযোগ করেন, ১নং আসামি    ইবনুল বিশ্বাস ওরফে ইউসুফ তার চৌগাছী গ্রামের বাড়িতে একটি টিনের ঘরে মক্তবে বিভিন্ন বয়সের লোকদেরকে মুসলিম জামাতে শরীক হওয়ার জন্য ধর্মীয় শিক্ষায় দীক্ষিত করিতেন এবং দাওয়াতের নির্দেশ দিতেন। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, চৌগাছি গ্রামের মঞ্জু বিশ্বাসের ছেলে ইউসুফ (৩০), মহেশপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে কুরবান (৩০), সাচিলাপুর গ্রামের আলীমুদ্দিনের ছেলে হাবিবুর রহমান, কচুয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মোস্তাকিম বিশ্বাস (২৮)। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সোমবার (২২ মার্চ) মাগুরার আদালতে থানা থেকে মামলাটি পাঠানো হয়। আদালত আগামী ৭ এপ্রিল পুলিশ রিপোর্ট দাখিলের দিন ধার্য করা হয়েছে। 

মাগুরার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ মাসুদ জানান, এ ঘটনায় ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে নিয়মিত পুলিশী অভিযান চলছে।  
ইত্তেফাক/এমএএম