মোংলার ধনখালী এলাকায় আগুনে পুড়ে গেছে মন্দিরসহ ৫টি বসত ঘর। এতে প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের। বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়দের। তবে ফায়ার সার্ভিস বলছে রান্না ঘর থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধনখালী গ্রামের দুলাল মণ্ডলের (৬২) বসতঘরে রবিবার দিবাগত রাত একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘরে ঘুমে থাকা গৃহকর্তা দুলাল ও তার স্ত্রী এবং ছেলে দ্রুত বাইরে বেরিয়ে যান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দুলাল মণ্ডলের বাড়ির পারিবারিক মন্দিরসহ পাঁচটি বসতঘরে।
সঙ্গে সঙ্গে স্থানীয়রা মোংলা ফায়ার সার্ভিসে খবর দিলে আধ ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। অগ্নিকাণ্ডে প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘর মালিক দুলাল মণ্ডল। বিদ্যুতের র্শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে দাবি করেন তিনি।
এদিকে মোংলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: আহাদুজ্জামান বলেন, ফায়ার সার্ভিস থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে আগুন লাগার খবর পেয়ে আধ ঘন্টার মধ্যে আমরা সেখানে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। প্রাথমিকভাবে মনে হয়েছে ওই বাড়ির রান্না ঘর থেকেই এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। ওই বাড়িতে কাঠের চুলার পাশাপাশি গ্যাসের চুলাও ছিল।
ইত্তেফাক/এসজেড
