ফারস হোটেলে বিপুল অবৈধ মদ উদ্ধার

আপডেট : ২২ মার্চ ২০২১, ২১:২৯

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর পুরোনো পল্টনের ফারস হোটেল থেকে ৩ হাজার ৯০৪ বোতল দেশি ও বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন শুল্ক গোয়েন্দা বিভাগ। রবিবার রাতে অভিযান চালিয়ে হোটেলের বারের ডেস্ক ও স্টোর এবং ১৩ তলায় সিঁড়ির কাছে একটি কক্ষে লুকায়িত অবস্থায় রাখা সে সব মদ উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স, মদ আমদানির লাইসেন্স বা মদ ও বিয়ার ক্রয়ের পক্ষে কোনো দলিল দেখাতে পারেনি। আটকের তালিকায় ৫৮৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৩ হাজার ১২৮ ক্যান বিদেশি বিয়ার ও ১৯১ বোতল দেশি বিয়ার রয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযুক্ত হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে শুল্ক আইনে মামলা করা হয়েছে। এর আগে সম্প্রতি অভিযান চালিয়ে শুল্ক গোয়েন্দা বিভাগ রাজধানীর একটি হোটেল থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করে।