টানা পতনের পর চাঙা শেয়ারবাজার

আপডেট : ২২ মার্চ ২০২১, ২১:৩০

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার বড় উল্লম্ফন ঘটেছে। দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে মাত্র ৫৬টির। আর ১০৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এর আগে টানা তিন কার্যদিবস পতনের পর গতকাল দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১২ পয়েন্ট হয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইর ৩০ আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৫ পয়েন্টে অবস্থান করছে। সূচকের উল্লম্ফনের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯৩ কোটি ১৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬১৫ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাত্, আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৭৭ কোটি ২০ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৭৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের ৪৬ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এনআরবিসি ব্যাংক।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—রবি, বেক্সিমকো ফার্মা, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, জিবিবি পাওয়ার, লাফার্জ হোলসিম, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১৯১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৯টির এবং ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে।