এশিয়ার আবাসন খাতে বিরূপ প্রভাব

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:৫৭

ইত্তেফাক রিপোর্ট

অর্থনীতির গতি মন্থর হয়ে যাওয়া, সুদ হার বৃদ্ধিসহ বেশকিছু কারণে বিরূপ প্রভাব পড়েছে এশিয়ার আবাসন খাতে। বিশ্ব অর্থনীতির গতি কমে যাওয়ার পূর্বাভাসও ভাবিয়ে তুলছে এ খাতের উদ্যোক্তাদের। যার প্রভাব বিনিয়োগকারী থেকে শুরু করে প্রান্তিক ব্যবসায়েও পড়বে। চীন-মার্কিন পাল্টাপাল্টি শুল্ক শুধু চীনের অর্থনীতিই নয়, এশিয়ার অনেক দেশেই বিরূপ প্রভাব ফেলছে। আবাসন খাতে দুর্দিন যাচ্ছে চীন, জাপান, হংকংসহ এই অঞ্চলের অনেক দেশে। নিক্কি এশিয়ান রিভিউর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বিরোধ এবং অর্থনৈতিক মন্দার কারণে আবাসন খাতে আগ্রহ হারাচ্ছে চীনা বিনিয়োগকারীরা। চীনের আবাসন খাতের উদ্যোক্তারা তাদের বিক্রি ধরে রাখতে বাড়ির দাম ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলতে বাধ্য হয়েছে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, চলতি বছরে তাদের এই দর আরো ১০ শতাংশ হ্রাস করতে হতে পারে। যা চীনের নীতি-নির্ধারকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ দেশটির মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রায় ২৫ শতাংশ আসে আবাসন ও সংশ্লিষ্ট খাত হতে।

শুধু চীনেই নয়, হংকং, জাপান এমনকি সিঙ্গাপুরের আবাসন খাতেও মন্দা লক্ষ্য করা গেছে।

নভেম্বরে হংকং এ অ্যাপার্টমেন্টের দাম সাড়ে ৩ শতাংশ কমে যায় যা ২০০৮ সালের বিশ্বব্যাপী আর্থিক মন্দার পর একক মাসে সবচয়ে বড় পতন। এ মূল কারণ হিসেবে মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধ অনেকটা দায়ী।

এদিকে জাপানও তাদের টোকিও উপকূলের ইরাভি প্রকল্পের দাম ১৩ শতাংশ কমিয়ে আনতে বাধ্য হয়েছে। শুধু চীন, জাপান ও হংকং ছাড়াও এশিয়ার উচ্চ অর্থনীতির দেশগুলো যেমন নিউজিল্যান্ড, কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়ার ও আবাসন খাত মন্থর হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

 

০