পি কে হালদারের সহযোগী শুভ্রা পাঁচ দিনের রিমান্ডে

আপডেট : ২২ মার্চ ২০২১, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় পি কে হালদারের সহযোগী ও ওয়াকামা ইন্টারন্যাশনালের পরিচালক শুভ্রা রানী ঘোষকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। শুভ্রা রানীর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ৮৭ কোটি ৬০ লাখ টাকা আত্মসাত্ এবং পাচারের অভিযোগে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পি কে হালদারের অপকর্মের সহযোগিতার অভিযোগ রয়েছে দুদকে।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, গ্রেফতারের পর শুভ্রা রানী ঘোষকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ৮৭ কোটি ৬০ লাখ টাকা আত্মসাত্ এবং পাচারের মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ তার পাঁচ দিনের মঞ্জুর করেন।