রাজধানীর মতিঝিলে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) ভবন আদমজী কোর্টে আগুন লেগেছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে লাগা ওই আগুন দুই ঘন্টার চেষ্টায় বিকাল সাড়ে তিনটার দিকে নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় ফায়ারকর্মী সাখাওয়াত হোসেন (২১) ও রাব্বি হাসান (২২) আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিঝিলে দিলকুশা অফিস পাড়ায় অবস্থিত সাততলা আদমজী কোর্ট ভবনটি বিজেএমসি এনেক্স ভবন-১ নামে পরিচিত। গতকাল বেলা ১ টা ৩৫ মিনিটের দিকে ভবনটির সাত তলায় আগুন লাগে। এতে ওই ভবনটিসহ আশপাশের ভবনগুলোর অফিসে আতংক ছড়িয়ে পড়ে। ব্যাংকসহ বিভিন্ন অফিসের কর্মীরা নিরাপদে রাস্তায় নেমে আসেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রন কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, খবর পেয়ে তাদের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ৬ টি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়।
বনানীতে শের টাওয়ারে আগুন : রাজধানীর বনানীতে শের টাওয়ারে গতকাল সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই টাওয়ারে বেসরকারী নর্দান ইউনিভার্সিটি অবস্থিত বলে জানা গেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে। পরে ৫টি ইউনিট ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারন জানা যায়নি।
