শিগগিরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম আনছেন ট্রাম্প

আপডেট : ২৩ মার্চ ২০২১, ০০:৪১

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে নিজের একটি প্রতিষ্ঠান তৈরি করে আবার সক্রিয় হবেন বলে জানিয়েছেন তার একজন উপদেষ্টা। ফক্স নিউজকে ট্রাম্পের উপদেষ্টা জ্যাসন মিলার বলেন, আমার ধারণা, আগামী দুই তিন মাসের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প আবার সামাজিক মাধ্যমে ফিরে আসবেন, তবে এবার তার নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ে। তার মতে, ট্রাম্পের এই প্ল্যাটফর্ম সামাজিক মাধ্যমে ‘হটেস্ট টিকেট’ বা অত্যন্ত জনপ্রিয় হবে। সেটি পুরো পরিস্থিতি পাল্টে দেবে।

বিবিসির খবরে বলা হয়েছে, গত ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনে ভয়াবহ সহিংসতার পর থেকে ট্রাম্পের টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট স্থগিত করেছে প্রতিষ্ঠান দুইটি। ট্রাম্প সমর্থকদের ঐ হামলায় পাঁচ জন নিহত হন। এর কয়েক দিন পরে, টুইটার ঘোষণা করে, সহিংসতায় আরও উসকানি দেওয়ার আশঙ্কায় ট্রাম্পের অ্যাকাউন্ট—‘অ্যাট রিয়েল ডোনাল্ড ট্রাম্প’ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গত ১০ বছরের বেশি সময় ধরে প্রচলিত গণমাধ্যম এড়িয়ে সরাসরি সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য টুইটার ব্যবহার করে আসছিলেন ট্রাম্প।

তিনি কোন প্লাটফর্ম ব্যবহার করবেন সেটা এখনো জানা যায়নি। এ ব্যাপারে মিলার বিস্তারিত কিছু জানাননি। তিনি শুধু বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কি করবেন, সেটা সবাইকে দেখার জন্য অপেক্ষা করতে হবে। তিনি বলেন, ট্রাম্প তার এই নতুন প্রকল্প নিয়ে এর মধ্যেই ফ্লোরিডায় তার রিসোর্টে বেশ কয়েকটি টিমের সঙ্গে বড় ধরনের বৈঠক করেছেন। বেশ কয়েকটি কোম্পানি সাবেক প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন। নতুন এই প্ল্যাটফর্ম বিশাল বড় হবে বলে মনে করেন উপদেষ্টা মিলার। তার মতে, ট্রাম্প অসংখ্য মানুষকে সেখানে টেনে আনতে পারবেন।

উল্লেখ্য, ক্যাপিটল হিলে হামলার পর গত জানুয়ারিতে প্রথমে ১২ ঘণ্টার জন্য ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়। টুইটার তখন ট্রাম্পকে সতর্ক করে দিয়েছিল যে, তাদের নীতি ভঙ্গ করলে তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর দুইটি টুইট করেন ট্রাম্প। এরপর টুইটার ঘোষণা দেয় যে, তার এসব টুইট তাদের সহিংসতাবিরোধী নীতির লঙ্ঘন। ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছে ফেসবুক, গেমিং প্ল্যাটফর্ম টুইচ এবং স্ন্যাপচ্যাট।