নারীর শক্তিতে ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:০০

ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে শনিবার দিল্লির রাজপথ নারী শক্তির উত্থানই মূল থিম হয়ে উঠেছিল। সেনা কুচকাওয়াজে নেতৃত্ব দিলেন অসম রাইফেলসের মহিলারা। সীমান্তরক্ষী বাহিনীর কুচকাওয়াজেও সামনের সারিতে রাখা হলো মহিলাদের। বাইক নিয়ে নানা রকমের কসরত্ দেখালেন আর এক মহিলা সেনা অফিসার। স্থলপথ, জলপথ, আকশে সর্বস্তরেই ভারতের সামরিক শক্তির প্রদর্শন হলো এ দিন। দেখানো হলো বায়ুসেনার সর্বাধুনিক যুদ্ধবিমান। প্যারেডে অংশ নিলেন আইএনএ’র চার জন প্রবীণ সৈনিক। যাদের প্রত্যেকের বয়স ৯০ থেকে ১০০ বছরের মধ্যে। খবর আনন্দবাজার পত্রিকা

‘জাতির জনক’ মহাত্মা গান্ধীর জন্মের সার্ধ শতবর্ষ এবার। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিশেষ সম্পর্ক ছিল। সেটা মনে রেখেই এবারের অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসাকে সস্ত্রীক আমন্ত্রণ জানানো হয়েছিল। এবারই প্রথম ভারতে এসেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি।