ব্রাজিলে একটি আকরিক লোহার খনির কাছে বাঁধ ধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ২০০ মানুষ। হতাহতদের অধিকাংশই ওই খনির কর্মী। স্থানীয় সময় শুক্রবার দুপুরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাইস গেরাইস রাজ্যের বুমাদিনো এলাকায় এ বাঁধ ধসের ঘটনা ঘটে। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
যে খনির কাছে এই বাঁধ ধসের ঘটনা ঘটল সেটি পরিচালনা করে দেশটির বৃহত্তম খনি কোম্পানি ভেল। তবে ঠিক কী কারণে এটি ধসে পড়েছে নিশ্চিতভাবে তা জানা যায়নি। এদিকে বাঁধ ধসে পড়ায় সংলগ্ন এলাকাগুলোতেও পানি ছড়িয়ে পড়ে। ফলে অনেক যানবাহন কাদাপানিতে চাপা পড়ে। ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি। আটকে পড়েন অনেকে। পরে হেলিকপ্টারের সাহায্যে তাদের উদ্ধারের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে জোরালো তত্পরতা চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা।
শুক্রবার বাঁধ সংলগ্ন ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় হঠাত্ করেই বাঁধটি ধসে পড়ে। এতে কাদাপানিতে চাপা পড়ে ওই ক্যাফেটেরিয়া। বুমাদিনোর মেয়র আভিমার দে মেলো জানান, তাদের হাতে এ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য উপাত্ত নেই। কারণ সবকিছু ঘটেছে বেশ ত্বরিত গতিতে। এ মুহূর্তে তাই নিখোঁজদের জীবিত উদ্ধারের ওপরই বেশি জোর দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই দমকল বিভাগের শতাধিক কর্মী উদ্ধার তত্পরতায় যুক্ত হয়েছে। এ সংখ্যা আরও বাড়বে।
