পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বোন লেখিকা গীতা মেটা। শুক্রবার পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এতে সব মিলিয়ে মোট ১১৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লেখিকা গীতা মেটা অন্যতম। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন। নিউ ইয়র্ক থেকেই এক বিবৃতি দিয়ে তিনি এই পুরস্কার নেওয়ার কথা অস্বীকার করেছেন। খবর আনন্দবাজার পত্রিকা
বিবৃতিতে গীতা জানিয়েছেন, ভারত সরকার আমাকে পদ্মশ্রীর জন্য যোগ্য মনে করেছেন— আমি কৃতজ্ঞ। কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এই সম্মান আমি নিতে পারব না। কারণ সামনেই লোকসভা নির্বাচন। এই সময়ে এই সম্মান ভুল বার্তা দিতে পারে, তাতে ভারত সরকার এবং আমি, দুইজনেই বিব্রত হব। যা আমার পক্ষে আরও বেশি দুঃখজনক।
রাজনীতিবিদদের ধারণা, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ওড়িশায় ক্ষমতায় থাকা বিজেডি নেতা নবীন পট্টনায়েকের বোনকে পদ্মশ্রী সম্মান দিয়ে বিজেডির মন পেতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, পদ্মশ্রী সম্মান ঘোষণার মাসখানেক আগে প্রকাশক স্বামী সোনি মেটার সঙ্গে তিনি দিল্লিতে এসেছিলেন। তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার সঙ্গে দেখা করতেও যান তারা দুইজন। প্রায় ৯০ মিনিট ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে গীতার বৈঠক হয়েছিল।
