দুই চাকায় ৬৪ জেলা ঘুরলেন মাহি

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২০:২৪

>> ইসমাইল মাহমুদ

 

আমাদের দেশের অনেক মানুষই দেশের বাইরে তথা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণে যান। অথচ আমাদের দেশের প্রতিটি জেলা-উপজেলায় রয়েছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্যময় পর্যটন স্পট। অনেক মানুষ দেশের বাইরে ভ্রমণে স্বাচ্ছন্দবোধ করেন। এর ব্যতিক্রম যে নেই তা কিন্তু নয়। ব্যতিক্রমী মানুষদের মাঝে অন্যতম একজন হলেন চট্টগ্রামের বাইকার মোহাম্মদ মাহবুব আলম সরকার ওরফে মাহি। ২৮ বছরের যুবক মাহি তার নিজের মোটরবাইক নিয়ে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি নিজ মাতৃভূমির রূপ-সৌন্দর্য অবলোকন করতে দেশের ৬৪ জেলা ভ্রমণ শুরু করেন।

চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে তার ভ্রমণ শুরু। মাঝে পেরিয়েছে দীর্ঘ প্রায় ৫ বছর। এ সময়ে দেশের প্রতিটি জেলা-উপজেলার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান ভ্রমণ বা পরিদর্শন শেষে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি কক্সবাজার জেলায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলার সৌন্দর্যময় স্থান ভ্রমণ সমাপ্ত করেন। চট্টগ্রামের প্রতিষ্ঠিত পরিবহন ব্যবসায়ী আব্দুল মোতালেব ও গৃহিনী হোসনেয়ারা দম্পতির তিন সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান মাহির জন্ম ১৯৮৩ সালের ২৫ আগস্ট। চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ী (কামাল গেইট) এলাকায় বাস করেন। মাহি অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করে বাবার সঙ্গে পারিবারিক ব্যবসায় সময় দিচ্ছেন। এরই ফাঁকে তিনি মোটরবাইক নিয়ে ঘুরে বেড়ানো শুরু করেন দেশের ৬৪ জেলা।

মাহি জানান, ‘প্রথমে একান্তই ভালোলাগা থেকে বাইক চালানো শুরু। পরে মাথায় ভাবনা আসে—দুই চাকায় পুরো দেশটার সৌন্দর্য অবলোকনের।’

প্রথম ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি বাসা থেকে ভ্রমণের উদ্দেশ্যে বের হন তিনি।  ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে মাহি বলেন, ‘মোটরবাইকে বিশ্ব ভ্রমণ করে দেশকে ও দেশের পতাকাকে বিশ্বের কাছে তুলে ধরতে চাই।’