রামদা নিয়ে নৃত্য: কাউন্সিলর সাইফুল বরখাস্ত

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২০:৫৫

কুমিল্লা মহানগর যুবলীগ নেতা রোকন উদ্দিনকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার পর দুই হাতে দেশিয় অস্ত্র নিয়ে নৃত্য করে উল্লাসকারী কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৫ নম্বর ওয়ার্ডের সেই কাউন্সিলর সাইফুল বিন জলিলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপ-সচিব নুমেরী জামান কর্তৃক মঙ্গলবার (২৩ মার্চ) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ জারি করা হয়। রাত ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুসিক মেয়র মো. মনিরুল হক সাক্কু।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১৩ এর অধীনে কার্যক্রম শুরু করায় উক্ত আইনের ১২ এর উপধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে কুমিল্লা সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিলকে সাময়িক বরখাস্ত করা হলো।’ 


এ বিষয়ে কুসিক মেয়র মো. মনিরুল হক সাক্কু জানান, কাউন্সিলর সাইফুল বিন জলিল যুবলীগ নেতা রোকন উদ্দিনকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছেন মর্মে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মন্ত্রণালয় থেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে লিখিতভাবে জবাব দিয়েছি। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় কর্তৃক ওই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় কাউন্সিলর সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামী ২/১ দিনের মধ্যে আবেদনের শুনানী হতে পারে।

এর আগে গত শুক্রবার (১৯ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীতে মহানগর যুবলীগ নেতা রোকন উদ্দিনকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার পর দুই হাতে দেশীয় অস্ত্র নিয়ে নাচানাচি করেন কাউন্সিলর সাইফুল বিন জলিল। এর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

ইত্তেফাক/এনএ