রাফাল নিয়ে ভারতের বিরোধী দলগুলো প্রায় প্রতিদিন নতুন নতুন তোপ দাগছে। পিএনবি থেকে সিবিআই, আরবিআই প্রসঙ্গেও ধেয়ে আসছে আক্রমণ। কিন্তু ছত্তিসগড়ে ভোটপ্রচারে সেসব নিয়ে একটি শব্দও খরচ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চ্যালেঞ্জ ছুড়লেন, ‘হিম্মত থাকলে গান্ধী পরিবারের বাইরের কাউকে পাঁচ বছরের জন্য কংগ্রেস সভাপতির পদে বসিয়ে দেখুক কংগ্রেস।’ খবর আনন্দবাজার পত্রিকার।
প্রসঙ্গ ছিল ‘চা-ওয়ালা’ এবং জওয়াহেরলাল নেহরু। সমপ্রতি যার সূত্রপাত করেছিলেন কংগ্রেস নেতা শশী তারুর। বলেছিলেন, দেশের গণতান্ত্রিক কাঠামোকে পণ্ডিত নেহরু এমনভাবে তৈরি করেছিলেন, যাতে এক জন চা-ওয়ালাও দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারেন। শুক্রবার তারই জবাব দিলেন মোদী।
২০ নভেম্বর ছত্তিসগড়ে দ্বিতীয় দফায় বিধানসভার ভোটগ্রহণ। শুক্রবার অম্বিকাপুরে নির্বাচনী জনসভা থেকে মোদী বলেন, ‘আমি চ্যালেঞ্জ করছি, গান্ধী পরিবারের বাইরের কাউকে অন্তত পাঁচ বছরের জন্য দলের সভাপতি করে দেখাক কংগ্রেস। তারপর বলব, নেহরুজি প্রকৃতপক্ষেই দেশে গণতান্ত্রিক কাঠামো চালু করেছিলেন।’
ছত্তিসগড়ের আগের নির্বাচনী সভাগুলোর মতোই এদিনও গান্ধী পরিবারকে নিশানা করেই চলতে থাকে মোদীর পর পর আক্রমণ। ‘গান্ধী পরিবারের চার প্রজন্ম দেশকে শাসন করেছে। এবার তাদের জবাব দিতে হবে, তারা দেশকে কী দিয়েছেন। আপনারা গরিব মানুষের দুঃখ-দুর্দশা বুঝতে পারেন না। কিন্তু এক জন চা-ওয়ালা পারেন’, বলেন মোদী।
