বরিশাল নগরীর রূপাতলী টার্মিনালে রাখা বাসের তেল ও যন্ত্রাংশ চুরি এবং শ্রমিকদের মারধর করার প্রতিবাদে বরিশাল-ঝালকাঠীসহ আটটি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে হঠাত্ করে এ ধর্মঘট শুরু হওয়ায় বিভাগীয় শহরের সঙ্গে ঝালকাঠী, পিরোজপুরসহ পার্শ্ববর্তী রুটে যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। এতে করে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন চিহ্নিত কতিপয় সন্ত্রাসী প্রায়ই টার্মিনালে নৈরাজ্য করে আসছে। চিহ্নিত এসব সন্ত্রাসীদের কাছে বাস মালিক ও শ্রমিকরা অসহায় হয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয় বলে জানিয়েছেন ঝালকাঠী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী। তিনি জানান, সোমবার রাতে বিভিন্ন স্থান থেকে যাওয়া ঝালকাঠী মালিক সমিতির ৪৫টি বাস রূপাতলী বাসস্ট্যান্ডে রাখা হয়। ঐ দিন রাত সাড়ে ১২টার দিকে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে ঝালকাঠী মালিক সমিতির বাসগুলোর চাকা ছিদ্র করে দিয়ে তার ব্যাটারি, তেলসহ যন্ত্রাংশ নিয়ে যান থ্রি হুইলার শ্রমিকরা। এ ঘটনায় কয়েক জন বাস শ্রমিকরা বাধা দিলে তাদের মারধর করে মোবাইল ও টাকাপয়সা নিয়ে যান থ্রি হুইলার শ্রমিকরা। এছাড়াও এসব রুটের টিকিট কাউন্টারগুলো উঠিয়ে নিয়ে যান তারা। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডেকেছেন। বিষয়টি সুরাহা ও টার্মিনালে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।
ঝালকাঠী বাস মালিক সমিতির সদস্য কাউন্সিলর হাসিব আল মাহমুদ রাত ৮টায় জানান, দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় বাস মালিক সমিতিকে বিষয়টি অবহিত করা হয়েছে। যেসব বাসের ক্ষতি করা হয়েছে এবং স্টাফদের মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে তার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, রূপাতলী বাস টার্মিনালে নৈরাজ্যকারীদের বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়েছে। মঙ্গলবার রাতে এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় বৈঠক হওয়ার কথা রয়েছে। ঐ বৈঠকের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ঝালকাঠী জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
