বিমান-হেলিকপ্টার সংঘর্ষে আল্পসে নিহত পাঁচ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:০৪

g বিবিসি

আল্পস পর্বতমালার ফ্রান্স-ইতালি সীমানার মাঝে একটি ছোট বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। উদ্ধারকর্মীরা পরে ঘটনাস্থল পৌঁছে আহত দুই জনকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যান বলে টুইটারে জানিয়েছে ইতালির মাউন্টেন রেসকিউ সার্ভিস (সিএনএসএএস)। অস্তা উপত্যাকার লা ঠুইলার কাছে রুটর হিমবাহের উপরে এয়ারক্রাফট দুটোর এ সংঘর্ষ হয় । খবর পেয়েই চিকিত্সক ও ধাতু কাটার যন্ত্রসহ উদ্ধারকর্মীরা দুটো হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলের দিকে উড়ে যান।

তাত্ক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। বিমান ও হেলিকপ্টারে ক’জন আরোহী ছিল তাও নিশ্চিত হওয়া যায়নি। অস্তার একটি হাসপাতাল ঘটনার পরপরই জরুরি সেবা কার্যক্রম চালু করে তিনটি অপারেশন থিয়েটার ও ছয়টি নিবিড় পর্যবেক্ষণ ইউনিটকে প্রস্তুত করা হয়, জানিয়েছে ইতালির পত্রিকা লা রিপাবলিকা। উত্তরপশ্চিম ইতালির লা ঠুইলা স্কি-রিসর্টের জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।