দিনাজপুর থেকে অভিনব পন্থায় মাদক পাচার

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:২৯

সীমান্তবর্তী জেলা দিনাজপুর থেকে দীর্ঘদিন ধরেই অভিনব পন্থায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে মাদকদ্রব্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চাল, সবজিসহ বিভিন্ন পণ্যের সঙ্গে ভারত থেকে আসা এসব মাদক দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে মাদক পাচারকারীর বেশ কিছু চক্র। 

জানা গেছে, দিনাজপুর জেলার ১৮০ কিলোমিটার সীমান্তে বিভিন্ন রুট ব্যবহার করেই বাংলাদেশে প্রবেশ করে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য। আর এসব মাদকদ্রব্য অভিনব পন্থায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে চোরাকারবারী চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা চালের ট্রাক, সবজির ট্রাক, পাথরের ট্রাকসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাকে এসব মাদক পাচার করে থাকে। রাজধানী ঢাকায় সম্প্রতি এসব ট্রাক থেকে আটক হয়েছে বিপুল পরিমাণ ফেনসিডিল। এরই পরিপ্রেক্ষিতে মাদক চোরাকারবারির এই চক্রকে ধরতে বেশ কিছুদিন ধরেই তত্পর জেলা পুলিশ। এরই অংশ হিসেবে গত শুক্রবার রাতে অভিনব পন্থায় ফেনসিডিল পাচারকালে চালবোঝাই ট্রাক থেকে ভারতীয় ৮০০ বোতল ফেনসিডিল জব্দসহ ট্রাকের হেল্পার দিলদার আলী ওরফে মোক্তাদিরকে গ্রেফতার করে ঘোড়াঘাট থানার পুলিশ। চালভর্তি ট্রাকটি দিনাজপুর থেকে ফেনীতে যাচ্ছিল। গ্রেফতারকৃত মোক্তাদির জেলার চিরিরবন্দর উপজেলার তুলসীপুর গ্রামের উমর আলীর ছেলে। পাশাপাশি মাদক পাচারকারী একটি চক্রের সন্ধানও পেয়েছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের মালিক ফুলবাড়ী উপজেলার খোয়ারপাড়া গ্রামের হাফিজুর রহমান ও ট্রাকচালক চিরিরবন্দর উপজেলার তুলসীপুর মাজাপাড়া গ্রামের রানা মিয়াকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি মামলাও হয়েছে। ট্রাকমালিক হাফিজুর রহমানের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত মোক্তাদির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে মাদক পাচারকারী দলের মূল হোতার নামও জানিয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, দিনাজপুর থেকে দেশের বিভিন্ন স্থানে অভিনব পন্থায় বিভিন্ন পণ্যের সঙ্গে মাদক পাচারকারী চক্রগুলোকে ধরতে অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। বাকি চক্রগুলোকেও উদ্ঘাটন করে আটকের চেষ্টা চলছে।