পাওনা টাকার দাবিতে ফরিদপুর চিনিকল আখ চাষিদের বিক্ষোভ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:১১

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

পাওনা টাকা আদায়ের দাবিতে শনিবার বিক্ষোভ করেছেন মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল আখ চাষিরা। একমাস ধরে আখের মূল্য বাবদ পাওনা ১০ কোটি টাকার দাবিতে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

চিনিকলের সাবজোন অফিস থেকে আখ চাষিরা বিক্ষোভ মিছিল নিয়ে চিনিকল প্রধান ফটকের সামনে পাওনা টাকা, শিওর ক্যাশের মাধ্যমে আখের ডাব্লুয়ার থেকে ১০ টাকা কর্তন বন্ধ এবং আখের ওজনের ধলতা কাটা বন্ধের দাবিতে  অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে আখচাষি কল্যাণ সংস্থার সহ-সভাপতি মির্জা মুরাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝুটু, ওহিদুজ্জামান বাবলু মিয়া প্রমুখ।