চতুর্থ উইকেটে ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম এবং ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ডেভন কয়ওয়ের ১১৩ রানের জুটিতেই ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে গতকাল সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে দলকে জেতাতে পেরে তৃপ্ত লাথাম। এই জয়ে বোলারদেরও কৃতিত্ব দিয়েছেন তিনি। এদিকে, টাইগারদের সঙ্গে ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়ার টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্ল্যাকক্যাপসরা। আইপিএলের কথা মাথায় রেখে এই সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে কেইন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, জিমি নিশাম এবং টিম সাইফার্টকে।
ঘরের মাঠ ক্রাইস্টচার্চে ১০৮ বলে ১১০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হওয়ার পর লাথাম বলেন, ‘ম্যাচটা জেতাতে পেরে ভালো লাগছে। আমাদের জন্য পার্টনারশিপ করাটা গুরুত্বপূর্ণ ছিল, এবং ডেভনের সঙ্গে সেটা করতে পেরেছি আমি। দুই ওভার আগেই ম্যাচটা শেষ করতে পারাটা স্বস্তিদায়ক ছিল।’ এই জয়ে দলের বোলার ও অন্যান্য ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেও ভুলেননি লাথাম, ‘বোলাররা ভালো করেছে। মাঝখানের ওভারগুলোয় স্যান্টনার বেশ ভালো বল করেছে। যে কারণে মধ্য-বিরতিতে বেশ খুশিই ছিলাম আমরা। ব্যাট হাতে ভালো শুরু করতে পারিনি আমরা। তাও শুরুতে বেশি উইকেট হারাইনি। ঘরোয়া ক্রিকেটে কনওয়ে গত কয়েক বছর ধরেই ভালো খেলছে। সেই অভিজ্ঞতাটাই সে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে এসেছে।’
এদিকে টিম সাউদিকে নেতৃত্ব দিয়ে ১৩ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। এপ্রিলে শুরু হতে যাওয়া আপিএলের আসরকে সামনে রেখে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বিশ্রাম দেওয়া হয়েছে উইলিয়ামসনসহ মূল দলের ৬ সদস্যকে। ফিন এলান এবং উইল ইয়ং প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই ফরম্যাটের দলে। এছাড়া ২০১৮-র নভেম্বরের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এডাম মিলনে এবং ইনজুরি কাটিয়ে আবার দলে ফিরছেন লকি ফার্গুসন।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল :টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাশলে, হামিশ বেনেট, মার্ক চ্যাপমান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, উইল ইয়ং।
