বাগেরহাট সদরে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে ১৪ নেতা, মাঠে নেই বিএনপি

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:১৩

উপজেলা পরিষদ নির্বাচন

বাগেরহাট প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচন নিয়ে হিসাব-নিকাশ শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। এদিকে বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি থেকে নির্বাচনে এখনও পর্যন্ত কারো নাম শোনা না গেলেও আওয়ামী লীগের ১৪ জন নেতা দলীয় প্রার্থী হতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দলীয় নেতাদের কাছে চালাচ্ছেন জোর লবিং ও প্রচারণা।

অপরদিকে আসন্ন বাগেরহাট সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী হতে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করছেন তাদের মধ্যে রয়েছেন জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসিরউদ্দিন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু ও বর্তমান চেয়ারম্যান খান মুজিবুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হতে যারা আগ্রহ প্রকাশ করছেন তাদের মধ্যে রয়েছেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের ভাতিজা খান তানভীর হাসান লিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সরদার আব্দুল কাদের, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহামুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান রেজাউল ইসলাম, তরুণ আওয়ামী লীগ নেতা মোঃ আমিরুল ইসলাম (আমির) ও বর্তমান ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হতে আগ্রহীদের মধ্যে রয়েছেন বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা তালুকদার রীনা সুলতানা, জেলা যুব মহিলা লীগের আহবায়ক অ্যাডভোকেট লুনা সিদ্দিকী ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন আহমেদ। তবে এসকল আগ্রহী প্রার্থীর একই কথা— দল যাকেই মনোনয়ন দেবে, সেই হবেন নৌকার মাঝি। 

এদিকে নীরব অবস্থানে থাকলেও বাগেরহাট সদর উপজেলা নির্বাচনে মাঠে থাকতে পারে বিএনপি। যদিও বিএনপি’র স্থানীয় নেতৃত্ব ও তৃণমূলে সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে আক্ষেপের রেশ এখনও কাটেনি। তাই আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই বলে স্থানীয়দের অভিমত। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে বলে শোনা যাচ্ছে। তবে আগ্রহী প্রার্থী হিসেবে এ দল থেকে এখন পর্যন্ত কারো নাম শোনা যাচ্ছে না।