চট্টগ্রামে লরি-ট্রাক সংঘর্ষে চালক-হেলপার নিহত

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৫:৪৫

চট্টগ্রামের  সীতাকুণ্ড উপজেলায়  ট্রাক এবং কনটেইনারবাহী লরি সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

বুধবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ডের চাড়ালকান্দি পিএইচপি গ্লাস ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মো. মাহবুব (৩২) নওগাঁ থানার দোলগাছি এলাকার মো. মোতালেবের ছেলে ও তার সহকারী মো. হাবিল (২১) সান্তাহার থানার বানগাঁও এলাকার মনির হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামমুখী কনটেইনারবাহী লরি ও একইমুখী পাথরবোঝাই ট্রাক মহাসড়কের চাড়ালকান্দি পিএইচপি গ্লাস ফ্যাক্টরির সামনে পৌছাঁলে সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার সহকারী নিহত হন।

বারআউলিয়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর রুহুল আমীন বলেন, এ দুর্ঘটনার নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লরি ও ট্রাক দুটি আটক করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এনএ