কালিয়ায় ভাইয়ের হাতে বোন খুন, ঘাতক আটক

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:১৪

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

পারিবারিক কলহের জের ধরে কালিয়ায় আপন বড় ভাইয়ের হাতে কলেজ ছাত্রী বোন খুন হয়েছে। শুক্রবার দুপুরে ওই কলেজ ছাত্রী নিখোঁজ হওয়ার পর রাত ৮টার দিকে পার্শ্ববর্তী নলীয়া নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পাষণ্ড ভাইকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে রাতেই নিহতের বাবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নড়াগাতি থানার কালিনগর গ্রামের মকু মোল্যার মেয়ে কালিয়া সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাতেমা খানম (২০) ওইদিন নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া নলীয়া নদীতে লাশ দেখে স্থানীয়রা উদ্ধার করতে যায়। এ সময় বড় ভাই রিপন মোল্যার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পারিবারিক কলহের জেরে সে তার বোনকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে পুলিশ ও স্থানীয়দের কাছে স্বীকার করেছে।

নড়াগাতি থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রজব আলী বলেছেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে বোনকে হত্যার কথা স্বীকার করেছে সে।