আগৈলঝাড়ায় বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:১৫

তপন বসু, আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় বইছে উপজেলা পরিষদ নির্বাচনের আগাম হাওয়া। কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় থাকা বিএনপি’র শিবিরে এখন পর্যন্ত নির্বাচনী কোনো আলোচনা না থাকলেও আওয়ামী লীগ ও তাদের নেতা-কর্মীসহ সাধারণ জনগণের মধ্যে এখন একমাত্র আলোচনার বিষয় উপজেলা পরিষদ নির্বাচন।

নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা বরিশাল-১ আসনের এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন। তবে দলের তৃণমূল নেতা-কর্মীসহ প্রার্থী হতে ইচ্ছুুক সকলেই বলেছেন, দুর্দিনে দলের কাজ করার পাশাপাশি ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীর মধ্য থেকেই যেনো আবুল হাসানাত আবদুল্লাহ দলীয় প্রার্থীকে মনোনয়ন দেন।

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ’৬৯ পালরদী মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা অপর প্রার্থী আবু সালেহ মো. লিটন এবং জেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান।

২০১৪ সালে দলের মনোনয়ন পান গোলাম মোর্তুজা খান। ওই নির্বাচনে রুস্তুম সেরনিয়াবাত দলের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। বর্তমানে এই দুই নেতাও দলের হাই কমান্ডের কাছে নিজেদের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে জোর দাবি জানিয়ে আসছেন।

দলীয় অপর মনোনয়ন প্রত্যাশীরা হলেন বরিশাল জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার এবং উপজেলা যুবলীগের সাবেক নেতা ও বঙ্গবন্ধু কেন্দ্রীয় সৈনিক লীগের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নাজমুল ইসলাম কিরণ সেরনিয়াবাত। এছাড়াও দলের আরও অনেক নেতাই হাই কমান্ডের কাছে মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে।

সব মিলিয়ে আগৈলঝাড়ায় আওয়ামী লীগের কমিটি গঠন ও উপজেলায় দলীয় প্রার্থী নির্ধারণ নিয়ে সর্বত্রই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।