আনন্দ বিনোদন প্রতিবেদক
মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে ১০ দিনব্যাপী নাট্য উত্সবে আজ বৃহস্পতিবার পদাতিক নাট্য সংসদের ৩৮তম প্রযোজনা ‘কালরাত্রি’ মঞ্চস্থ হবে। লামিসা শিরীন হোসাইনের ‘লোন সার্ভাইভার’ গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন ড. তানভীর আহমেদ সিডনী; নির্দেশনায় ওয়াহিদুল ইসলাম। নাটকের গল্পে দেখা যাবে— রক্তস্নাত লড়াইয়ের মধ্যদিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। একাত্তরের এই লড়াইয়ে সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে দাঁড়িয়েছিল। মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। আর বিশ্ববিদ্যালয়টির জগন্নাথ হল ও আশপাশের এলাকাকে অবলম্বন করেই রচিত হয়েছে লামিসা শিরীন হোসাইনের গল্প। গল্পে দেখা যাবে একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছেন মুক্তির লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে। ফলে অসহযোগ আন্দোলনের পর্ব থেকে তারা পাকিস্তান রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করেছিল। মার্চের কালরাতে বেঁচে যাওয়া জগন্নাথ হলের একজন ছাত্র জানায় সেই রাতের ভয়াল চিত্র আর তার সঙ্গে থাকা একজন শিক্ষকের গল্প। তারপর সবাই এসে দাঁড়ায় এক স্থানে। মুক্তিযোদ্ধা ও তার পথপ্রদর্শকের চোখে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল— সেসবই বলা হয়েছে নাট্যকাহিনিতে।
অভিনয়ে রয়েছেন শাখাওয়াত হোসেন শিমুল, ইকরামুল ইসলাম, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, নুসরাত চমক, জবা, জিতু, জীবন, শরীফুল ইসলাম, প্রান্ত, শোভন, মীরা, কান্তা, মশিউর রহমান, সৈয়দা শামছি আরা সায়েকা। নির্দেশনা পর্ষদে রয়েছেন— আঙ্গিক অভিনয়, মঞ্চ, দব্যে সঞ্জীব কুমার দে; আলোয় অতিকুল ইসলাম জয়; পোশাক ও কোরিওগ্রাফিতে সাঈদা শামছি আরা, অডিও ভিজুয়্যালে হামিদুর রহমান পাপ্পু, বাচিকে তাসমী চোধুরী এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।
