আনন্দ বিনোদন প্রতিবেদক
চার বছর আগে বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হয়ে শোবিজে পা রাখেন সানজানা সরকার রিয়া। প্রথম বিজ্ঞাপনেই ভালো সাড়া পান। এরপর ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘মনোবাসনা’ নাটকে। খুব বেশি কাজে দেখা না গেলেও অল্প কাজেই বেশ দর্শকপ্রিয়তা পান এ অভিনেত্রী। বিশেষ করে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’ ও কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন টু’ ধারাবাহিকে অভিনয় করে রীতিমত বাজিমাত করেন এ গ্ল্যামার গার্ল।
গত ভালোবাসা দিবসে আরেফিন অমি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রপোজ টু’ ও নাটক ‘ফিমেল’-এ বেশ ভালো সাড়া পেয়েছেন। এ প্রসঙ্গে সানজানা সরকার রিয়া বলেন, ‘সত্যি বলতে আমি আসলে অভিনয় পারি না। এখনও শেখার চেষ্টা করছি। দর্শকরা অল্পসময়েই আমাকে আপন করে নিয়েছেন, এর জন্য তাদের কাছে কৃতজ্ঞতা। যেখানেই যাই সেখানেই দর্শকদের প্রশংসা পাই, ভীষণ আনন্দ লাগে তখন।’
তিনি আরও বলেন, ‘আমি সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী। তাই কাজও করি খুব কম। সংখ্যা কম হোক কিন্তু কোয়ালিটিফুল কাজ করতে চাই সবসময়। ভালো কাজ হলে দর্শক এমনিতেই মনে রাখবে।’
শোবিজে আসার ইচ্ছে ছিল না কখনো তার। শখে বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন, এরপর প্রাণ ফ্রুটো, ইস্পানি মির্জাপুর চায়ের বিজ্ঞাপন করেন। নাটকে তুমুল পরিচিতি পাওয়ার পর অভিনয়ে আরও সিরিয়াস হয়েছেন। তিনি বলেন, ‘প্রথমদিকে শুধু সময় কাটানোর জন্য কাজে অংশ নিয়েছিলাম। কিন্তু একটু একটু করে যখন দর্শক সাড়া ও ভালোবাসা পেতে শুরু করলাম তখন মনে হলো যে অভিনয়ে সিরিয়াস হওয়া উচিত। প্রতিনিয়ত শিখছি। আমি তেমনভাবে কাউকে অনুসরণ না করলেও জয়া আহসানকে আমার ভীষণ ভালো লাগে, উনার কাজ দেখি আমি।’
