নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীর বিস্তীর্ণ চরাঞ্চল ভরে গেছে টমেটো ক্ষেতে। এদিকে অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় ভালো ফলনের পাশাপাশি আশানুরূপ দাম পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। উপজেলার দুধকুমার নদের চরাঞ্চল কুমেদপুর, কাপালীপাড়া, বেগুনবাড়ী, দেওয়ানজাগী, বটতলা ও পাইকেরটারী এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা এবার অন্যান্য ফসলের চেয়ে টমেটো চাষে ঝুঁকেছেন বেশি। টমেটোর উত্পাদন খরচ কম হয়ায় বিস্তীর্ণ চরাঞ্চলে তারা লাগিয়েছেন হাইব্রিড মিন্টো জাতের টমেটো। অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যায় ক্ষেতগুলোতে এবার ছত্রাকের আক্রমণ ঘটেনি। গাছগুলো হয়েছে সুস্থ, সবল ও সতেজ। ক্ষেতের সে সবুজ গাছে গাছে ঝুলে আছে অসংখ্য কাঁচা-পাকা টমেটো।
উপজেলার কাপালীপাড়ার কৃষক নিরঞ্জন, আকরাম হোসেন, নূরুল ইসলাম, বেগুনীপাড়ার আবু সামা এবং কুমেদপুরের অমিত চন্দ্রসহ চরাঞ্চলের বিভিন্ন এলাকার টমেটো চাষিরা জানান, এবারে ফলন খুবই ভালো হয়েছে। আশা করছি প্রাকৃতিক কোনো দুর্যোগ দেখা না দিলে ফলন হবে বিঘাপ্রতি প্রায় ৮০ থেকে ৯০ মণ। বিঘাপ্রতি উত্পাদন খরচ ১০-১৫ হাজার টাকা হলেও বর্তমানে এর বাজার দর মণপ্রতি ছ’শ’ থেকে সাতশ’ টাকা। এতে মৌসুম শেষে বিঘা প্রতি তাদের ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভ হবে বলে জানান তারা।
