বিরোধিতাকারীদের ইন্ধন যোগাচ্ছে বিএনপি :তথ্যমন্ত্রী

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৪৪

নরেন্দ্র মোদির ঢাকা সফর

বিশেষ প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর বিরোধিতাকারীদের ইন্ধন যোগাচ্ছে। গতকাল রাজধানীর নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে নওগাঁ জেলার সাপাহার উপজেলা পাইলট উচ্চবিদ্যালয় ময়দানে আয়োজিত সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে ভারতবিরোধিতা ও ভারতের সঙ্গে বৈরিতার যে রাজনীতি অনুসরণ করে আসছে, সেটি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য সহায়ক নয়।

 সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহর সভাপতিত্বে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া বেগম, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারসহ অন্য নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিশেষ করে যে দেশ দিয়ে আমাদের তিন দিক বেষ্টিত, সেই দেশের সঙ্গে সুসম্পর্ক না রেখে দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। বিএনপি যেহেতু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি চায় না, সেকারণে ভারতের প্রধানমন্ত্রী কেন আসছেন সেটি নিয়ে প্রশ্ন তুলছেন।