সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:১৭

উলিপুরে এমপির মতবিনিময়

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে শুক্রবার রাতে মতবিনিময় করেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।  প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সাংবাদিক তৈয়বুর রহমান, পরিমল মজুমদার, মন্জুরুল হান্নান, মোন্নাফ আলী প্রমুখ।

ইটনা সমিতির সংবর্ধনা ও বৃত্তি প্রদান

কিশোরগঞ্জ প্রতিনিধি ইটনা সমিতির উদ্যোগে শনিবার ২০১৬ ও ২০১৭ সালের পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ ইটনা উপজেলার মেধাবী এবং সৃজনশীল প্রতিভার নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়েছে।  এ উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটনা সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল মালেক ভূঞা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। বিশেষ অতিথি ছিলেন ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোঃ আবুল কাউছার খান মিল্কী।

ঝিনাইদহে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে শনিবার সকালে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটির ঝিনাইদহ ইউনিট কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মাহামুদুল ইসলাম ফোটন, সেক্রেটারী জেএম রশিদুল আলম রশিদ, কার্যনির্বাহী সদস্য জিয়াউল হক আজাদ প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা শনিবার দুপুরে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের  বর্ধিতসভা আতাউর রহমান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম  এনামুল হক শামীম এমপি। নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাচানুজ্জামান খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান ও জেলার সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, জেলা আওয়ামী লী?গের সহ-সভাপতি ওহাব বেপারী, মেয়র শহিদুল ইসলাম প্রমুখ।

সিরাজগঞ্জে আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির যৌথ বর্ধিত সভা শনিবার অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে শহরের এস.এস রোডস্থ দলীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, ডা. আব্দুল আজিজ এমপি, আব্দুল মোমিন মন্ডল এমপিসহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা-উপজেলা-থানা-পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্মদিন পালিত

বরিশাল অফিস মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৬৩তম জন্মদিন উপলক্ষে বরিশালে শুক্রবার দুইদিনব্যাপী অশ্বিনী মেলার উদ্বোধন হয়েছে। নগরীর সরকারি বরিশাল কলেজ প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। অশ্বিনী কুমার স্মৃতি সংসদের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, প্রবীণ সাংবাদিক এসএম ইকবাল প্রমুখ। অশ্বিনী মেলা প্রতিদিন রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এদিকে সকালে অশ্বিনী কুমার দত্তের জন্মদিন উপলক্ষে তার প্রতিষ্ঠিত বিএম কলেজে র্যালি ও আলোচনা সভা হয়। এছাড়াও বরিশাল মহাশ্মশানে অশ্বিনী কুমার দত্তের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

ও পুরস্কার বিতরণী

ধামরাই (ঢাকা) সংবাদদাতা ঢাকার ধামরাই উপজেলার ধূলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে শনিবার। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মো. ইয়াদ মাহবুব আলী খান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক, ইফাজ তাহিয়া এগ্রোফার্মের ব্যবস্থাপনা পরিচালক আয়কর আইনজীবী অ্যাড. এ আর খান রানা। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুন, নজরুল ইসলাম খান লাবু, বীর মুক্তিযোদ্ধা মো. রতন মিয়া, মো. নাছির উদ্দিন প্রমুখ।

কাউখালীতে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা শিশুদের মানসিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে কাউখালীর ১৮নং পূর্ব আমরাজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আ. লতিফ খসরু শনিবার স্কুল চত্বরে এসব শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

চরভদ্রাসনে প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা চরভদ্রাসন উপজেলার রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের ৩য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তারের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন স্কুলটির প্রিন্সিপ্যাল আফরোজা হাসেম বিথী, বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আলিমুজ্জামান, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।

কনেশ্বর এস.সি.এডওয়ার্ড ইনস্টিটিউশনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা ডামুড্যা উপজেলা কনেশ্বর এস.সি. এডওয়ার্ড ইনস্টিটিউশনের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শনিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস.সি. এডওয়ার্ড ইনস্টিটিউশনের গভর্নিং বডির সদস্য আ. রশিদ গোলন্দাজ। বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আ. জলিল মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিছুর রহমান (বাচ্চু) মাদবর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ান মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

 

ভেড়ামারা বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় এবং নবীনদের বরণ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি ও নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা। প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান প্রমুখ।

প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট শাখার বার্ষিক সাধারণ সভা

লালমনিরহাট প্রতিনিধি শনিবার প্রবীণ নিবাস ও হাসপাতাল প্রাঙ্গণে প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘের জেলা সভাপতি অধ্যাপক (অব.) নজরুল ইসলাম মন্ডল। সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মন বার্ষিক রিপোর্ট পেশ করেন। বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, ডা. জাকিউল ইসলাম ফারুকী, গেরিলা লিডার ড. এসএম  শফিকুল ইসলাম, হারাধন চক্রবতী প্রমুখ।

বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি শনিবার দুপুরে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আজিজা খানম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল হাসান খান, ক্রীড়া শিক্ষক ছদর আলী, সহকারী শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা বাগমারায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শনিবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা হলরুমে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলা কমান্ড্যান্ট আমমার হোসেন, বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ প্রমুখ।

০