ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:১৯

বিশেষ প্রতিনিধি

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী গতকাল শনিবার নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষে নৌ সদর দপ্তরে গতকাল বিকালে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় নৌ প্রধানের কার্যালয়ে নবনিযুক্ত নৌপ্রধান ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী কমান্ড হস্তান্তর, গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, আঞ্চলিক কমান্ডারগণ, ব্যবস্থাপনা পরিচালক ডিইডব্লিউ নারায়ণগঞ্জ, ব্যবস্থাপনা পরিচালক সিডিডিএল ও ব্যবস্থাপনা পরিচালক খুলনা শিপইয়ার্ড লিঃ এবং উর্ধ্বতন নৌ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ১৯৫৯ সালের ২৮ সেপ্টেম্বর ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তাঁর পিতা এ কে এম গিয়াসউদ্দিন চৌধুরী এবং মা মিসেস সাহেরা চৌধুরীর দ্বিতীয় সন্তান। তিনি ১৯৭৮ সালের জুন মাসে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার হিসেবে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সহধর্মিণী ডাঃ আফরোজা আওরঙ্গজেব এবং তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।