ছাত্র সংসদের বিধান চায় শিক্ষার্থীরা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আহসান জোবায়ের

কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে ছাত্রসংসদের বিধানই যোগ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী সবার নির্বাচন হলেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রসংসদ (জকসু) নির্বাচন হয়নি। আর নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন জবি আইনে ছাত্রসংসদ বিধান যোগ করার কোনো উদ্যোগও নেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের উদ্যোগ নেয়ার পর নড়েচড়ে বসেছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলাও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচন (জকসু) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় ছাত্রসংসদের বিধান পাস করে তা একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অনুমোদনের জন্য পাঠানোর দাবি জানিয়েছে। অন্যথায় দাবি আদায়ে আন্দোলনে নামার কথা জানান তারা। এ দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন শুরু হলে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ ডাকসুর নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে তা পর্যবেক্ষণ করে তারাও বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে ছাত্রসংসদের আইন পাস করে আইনটি অনুমোদনের জন্য জাতীয় সংসদে পাঠাবে। অন্যদিকে, বিশেষ অনুমোদন নিয়ে ছাত্রসংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে।

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, যেহেতু অনেক বছর আমাদের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলাতে কোনো সংসদ ছিল না। আর নির্বাচনের যে প্রক্রিয়া তা অনেক বিস্তৃত। তাই আমরা দেখতে চাচ্ছি ডাকসু নির্বাচনটা কেমন হয়, কি ধরনের সমস্যা হয় সবকিছু বুঝেশুনে আমরাও ডাকসুর আদলেই একটা ছাত্রসংসদ নীতিমালা আয়োজন করব।

২০০৫ সালে জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হওয়ার আগ পর্যন্ত ১৮ বছর জগন্নাথ কলেজ ছাত্রসংসদ নির্বাচন হয়নি। আর জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার সময়ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এ ছাত্রসংসদের অধ্যাদেশযুক্ত হয়নি।

জবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এন জুনায়েদ বলেন, জবি ছাত্র ইউনিয়নের বার্ষিক পরিকল্পনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনকে গুরুত্ব দেয়া হয়েছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্তমান আইনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ এর বিষয়টি যুক্ত নেই। ছাত্রসংসদ নির্বাচনের আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে ছাত্রসংসদের অধ্যাদেশের বিষয়টি যুক্ত এবং গঠনতন্ত্র তৈরি করতে হবে।

জবি শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, ছাত্রসংসদ নির্বাচন হোক এটা আমরা চাই। কিন্তু সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দল যে কারচুপি করেছে তাতে ছাত্রসংসদ নির্বাচন যে সুষ্ঠু হবে তাতে আমরা সন্দিহান।

জবি শাখা ছাত্রফন্টের সভাপতি এম এম মুজাহিদ অনিক বলেন, আমরা জকসু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় ছাত্রসংসদের বিধান পাস করে তা একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অনুমোদনের জন্য পাঠানোর দাবি জানিয়েছি। জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হোক। ছাত্রসংসদ থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রদের কথা বলার একটা জায়গা থাকে।