গরু আটকে রাখা নিয়ে কথা কাটাকাটি, কুপিয়ে হত্যা

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০৯:২৬

মৌলভীবাজারের জুড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনা পাশী (২০) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা-বাগানে এ ঘটনা ঘটে। নিহত মনা পাশী বাগানের বড় লাইনের বাসিন্দা শঙ্কর পাশীর ছেলে। ঐদিন রাতেই এ ঘটনায় অনরজিত পানিকা (২৩) নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। সে একই বাগানের নতুন টিলা এলাকার সুকুমার পানিকার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মনা পাশীর কয়েকটি গরু বাগানের ৩ নম্বর সেকশন এলাকায় হাওরে চড়ানো ছিল। সেখানে বাগানের পাহারাদার অনরজিত পানিকা (২৩) বাগানের চারা নষ্ট করার অভিযোগে কয়েকটি গরু আটকে রাখেন। পরে মনা সেখানে গিয়ে তার গরু ছেড়ে দিতে বলেন। এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অনরজিত দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মনাকে হত্যা করেন। এ ঘটনার পর ঐদিন রাতেই পুলিশ অনরজিতকে আটক করেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী বলেন, সুরতহালে নিহত মনার ঘাড় ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক কোপ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক অনরজিতকে মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআর